মাঝরাতে
মাঝরাতে পথচলা শুরু হয়।
ঝিমোতে থাকা মানুষ আর উৎকর্ণ কুকুর পথের পাশে শুয়ে আছে।
নির্জনতায় নিস্তব্ধতায় খুঁজতে থাকি,
অতলান্ত সময়ের গহ্বরে খাতা খেলনা খুচরো পাপ
জড়ো করা আছে;
চাবি খুঁজে পাই না কিছুতে...
মিছিমিছি লাথি মারি পড়ে থাকা শূন্য কৌটোয়,
ঝন্ ঝন্ করে ভাঙে কঠিন নৈঃশব্দ।
অন্ধকারে ও বৃষ্টি নামে, ভেজাতে থাকে...
কতটুকু ভিজি? মাথা গুঁজি গুমটির মাঝে..
ঝিমন্ত মানুষটি আসলে উৎকর্ণ কুকুর হয়ে
অথবা উৎকর্ণ কুকুর এক ঝিমন্ত মানুষ।
কত লোকে একাকী যে আসে পুরানো দরজাটার খোঁজে......
কেউ কড়া ধরে নাড়ে, কেউ চেঁচায়, কেউ দেয় গাল,
কেউ শুয়ে পড়ে ওখানেই..গুমরে গুমরে কাঁদে..
ধীরে ধীরে উঠে আসে বিরক্ত সকাল....
Comments